শিরোনাম

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশে বর্তমানে নাগরিকের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকারও বেশি। একইসঙ্গে গত ১৫ বছরে নেওয়া ঋণের বোঝা ও প্রায় ১৩০০ উন্নয়ন প্রকল্পের আর্থিক দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য রেজা আহাম্মেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত, ঋণের বোঝা কমাতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে?

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা। সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর জোর দিচ্ছে সরকার।

এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত সরকারের সময়ে নেওয়া অপচয়মূলক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে গিয়ে অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে। টেকসই বিনিয়োগের ক্ষেত্রে ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত বিষয় বিবেচনা করা প্রয়োজন হলেও আগের অধিকাংশ প্রকল্পে তা মানা হয়নি।

তিনি বলেন, আমাদের প্রায় ১৩০০টি প্রকল্পের চাপিয়ে দেওয়া দায় রয়েছে। আমরা প্রতিটি প্রকল্পের আলাদা মূল্যায়ন করছি। এরইমধ্যে বহু অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া হয়েছে।

/এফসি/