শিরোনাম

চাঁদাবাজি নির্মূলে পুরস্কার ঘোষণা করলেন ধর্মমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা
চাঁদাবাজি নির্মূলে পুরস্কার ঘোষণা করলেন ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে পুরষ্কৃত করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদককে নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে।

পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়ি বহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণের পর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

/জেএইচ/