শিরোনাম

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’

সিটিজেন ডেস্ক
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে পশুর হাট। তবে এর মধ্যে সবাইকে চমকে দিয়েছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত ৭০০ কেজি ওজনের গোলাপি একটি মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুত চেহারা আর কপালে ঝুলে থাকা লালচে-সোনালি চুলের কারণে এটি আলাদা দৃষ্টি কেড়েছে। শুধু দেশেই নয়, ডোনাল্ড ট্রাম্প এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

গত কয়েকদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম বাংলাদেশি ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রকাশ করছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে লিখেছে, লম্বা সোনালি চুলের জন্য ‘ডোনাল্ড ট্রাম্প’ ডাকনাম পাওয়া একটি অ্যালবিনো মহিষকে কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে কোরবানি করা হবে।

সোনালী ঝুঁটিওয়ালা ১৫০০ পাউন্ড ওজনের ষাঁড়টি তারকা হয়ে উঠেছে এবং এটা দেখতে কৌতূহলী দর্শনার্থীরা অবিরাম ভিড় করছেন।

প্রাণিটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই মহিষটির ‘অসাধারণ চুলের’ কারণে সেটির নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রেখেছেন।

তিনি বলেন, প্রাণিটির সঙ্গে দেখা করতে মে মাস জুড়েই ঢাকার কাছে নারায়ণগঞ্জে তার খামারে মানুষের ভিড় জমেছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ঈদুল আজহা উৎসবের আগে লম্বা সোনালী চুলের একটি বিরল অ্যালবিনো মহিষ বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে তারকা হয়ে উঠেছে। প্রাণিটিকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় জমছে। তারা বলছেন যে এর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্চর্যজনক মিল রয়েছে।

রাজধানী ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলার একটি খামারে পালিত প্রায় ৭০০ কেজি (১,৫৪০ পাউন্ড) ওজনের মহিষটির ডাকনাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এর কারণ হলো, মহিষটির কপালজুড়ে এক গোছা ফ্যাকাশে চুল। অনেকের মতে এই বৈশিষ্ট্যটি মার্কিন নেতার ট্রেডমার্ক চুলের ছাঁটের প্রতিচ্ছবি।

সাউথ চায়না মর্নিং পোস্ট ‘সাদৃশ্যের কারণে বাংলাদেশের বিরল ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে ভিড় জমাচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, পাকিস্তানের ডন, ইউরোপের ইউরোনিউজ, তাইওয়ানের তাইপে টাইমস, অস্ট্রেরিয়ার দ্য ক্যানবেরা টাইমসসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম এটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

/জেএইচ/