শিরোনাম

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে সর্বাত্মক প্রস্তুতি: প্রশাসক

সিটিজেন ডেস্ক
ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে সর্বাত্মক প্রস্তুতি: প্রশাসক
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ফাইল ছবি।

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (১৮ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, ঈদের দিন মুসল্লিরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন এবং নারী-পুরুষ সবাই যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে। তিনি জানান, সকাল ৮টায় এই কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ প্রস্তুতির কথাও জানান তিনি। বৃষ্টির সম্ভাবনা থাকায় মাঠে স্টিলের কাঠামো দিয়ে ছাউনি তৈরি করা হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়াতেও মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা না হয়।

নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং তাদের জন্য আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে বলেও জানান প্রশাসক।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ১০ হাজার মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর চেয়ে বেশি মানুষ উপস্থিত হলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। মাঠে প্রবেশপথে নিরাপত্তা তোরণ বসানো হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।

এ সময় নগরবাসীকে কেন্দ্রীয় এই ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমআর/