শিরোনাম

বিনিয়োগের জন্য দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
বিনিয়োগের জন্য দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিনিয়োগের জন্য দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিল্প-কারখানা বন্ধ থাকলে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়। দেশি-বিদেশি বিনেয়োগকারীরা চাইবে তাদের পণ্য বন্দর দিয়ে দিয়ে ঠিকভাবে যেতে পারে, কাঁচামাল যেন আসতে পারে। রাস্তাঘাটে যেন শান্তি থাকে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর আগে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, মায়েদের হাতকে শক্তিশালী করার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। এর পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে কার্ড বিতরণ শুরু হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এই উপজেলার ১০ থেকে ১২ হাজার পরিবার এই সুবিধা পাবে।

তিনি বলেন, শুধু ফ্যামিলি কার্ডই নয়, এর পাশাপাশি কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। যারা ধান-পাট বা অন্যান্য ফসল চাষ করে তারাই যে শুধু কৃষক কার্ড পাবেন, তা নয়। এই বাঁশখালীর কিছু অংশে লবণ চাষী ভাইয়েরা আছে, তাদের হাতেও কার্ড পৌঁছে দেবো।

তিনি আরও বলেন, লবণের মূল্য নির্ধারণ করা হয়েছে। কিছুদিনের মধ্যে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এর ফলে লবণচাষী ভাইদেরকে আর আগের মতো কষ্ট পোহাতে হবে না।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমি হেলিকপ্টারে মীরসরাই থেকে শুরু করে মাতারবাড়ি পর্যন্ত পুরো এলাকা দেখেছি। আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি দেশের সম্পদ। এই সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান কীভাবে উন্নত করা যায় সেই পরিকল্পনা নিতে হবে। এখানে শিল্প-কারখানা স্থাপন করার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।

কিছুদিন আগে চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামে একটি চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য অনেক জায়গা দেওয়া হয়েছে। সেখানে কয়েকশ মিল-কারখানা তৈরি হবে। সারা চট্টগ্রামের মানুষ কাজ করার সুযোগ পাবে। এর ফলে একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একইসঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

তিনি বলেন, দেশি বা বিদেশি বিনিয়োগকারী চাইবে তার শিল্প-কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল সঠিকভাবে আসতে পারে। এজন্য রাস্তাঘাটে যেন শান্তি-শৃঙ্খলা থাকে। তাই যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, কিছুদিন ধরে দেখা যাচ্ছে কিছু মানুষ জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশে পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে তা জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। জনগণের শান্তি নষ্ট করবেন না।

/এফসি/