প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ
জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, সিপাহী বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো। পুতুল সরকারের অধীনে দেশ চলত এবং আধিপত্যবাদের বিরুদ্ধে হয়তো আমাদের লড়াই আজও চলত। প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ১৯৭১ সালে আমরা যে যুদ্ধ করেছি, স্বাধীনতার পরে আমাদের আশা-আকাঙ্ক্ষা অঙ্কুরেই ভূলুণ্ঠিত হয়েছে। তখনকার রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এমনটা হয়েছে।

তিনি বলেন, যে শেখ মুজিবুর রহমানের ইশারায় পুরো দেশের মানুষ জেগে উঠেছে, যিনি এই দেশকে সোনার দেশ বানিয়ে দিতে পারতেন, সেটা তিনি করেননি। সেজন্য তাঁকে পরিণতি বহন করতে হয়েছে। যেটা আমরা কেউ চাইনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে একটা প্রতীকী মিল রয়েছে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ফ্যাসিস্টকে আমরা আর ফিরে আসতে দেব না।

আলোচনা সভায় তিনি বলেন, সরকার তাঁতশিল্পের জন্য কাজ করবে।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব হাজী মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

/এমআর/