শিরোনাম

বাংলাদেশে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় এই সমবেদনা জানান তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’

পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সংকটকালীন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, টানা ভারি বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের দেশের প্রায় সাতটি জেলায় বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। তথ্য অনুযায়ী, বন্যায় এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। আর এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন।

/এফআর/