শিরোনাম

‘খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ক্লিন সিটি গড়তে নিজে ডাস্টবিনে ময়লা ফেলতে বলেন। তিনি সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। তিনি তরুণদের মধ্যে পরিবর্তনের আশা জাগিয়ে তুলছেন। মন-মানসিকতায় পরিবর্তন আনতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া কষ্টকর।

তিনি বলেন, সেই ১৯৪৭ সাল থেকে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রাণ দিতে হয়েছে। ক্ষুদিরাম বসু ও প্রীতিলতাসহ অসংখ্যা প্রাণের বিনিময়ে বারবার দেশ ভাগ হলেও কাঙ্ক্ষিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি। ১৯৭১ সালের পর আবার ২০২৪ এসে অসংখ্য প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই দেশে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন সেনারা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন। আপনাদের কমান্ডারের নির্দেশই সব। তিনি স্বাধীনতা যে ডাক দিয়েছেন সেটি মানতে হবে। এরপর বেগম জিয়াকে বন্দীত্ববরণ করতে হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভিডিও বার্তায় প্রতিশোধহীন ও প্রতিহিংসাহীন দেশ গড়ার আহ্বান জানান গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও পিএসসি’র সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

/এসবি/