স্থানীয় সরকার বিভাগে ৬৬ কার্যক্রমে ২৭ হাজার কোটি টাকার অনিয়ম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
স্থানীয় সরকার বিভাগে ৬৬ কার্যক্রমে ২৭ হাজার কোটি টাকার অনিয়ম
সংসদ অধিবেশন

২০০৯ থেকে ২০২৬ সালের মধ্যে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার ৬৬টি কার্যক্রমে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার গুরুতর অনিয়মের তথ্য পেয়েছে সরকারি অনুসন্ধান কমিটি। এসব অনিয়মের বিষয়ে আরও তদন্তের জন্য প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান লিখিতভাবে এ তথ্য জানান। মন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর জবাব সংসদে পড়ে শোনান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

লিখিত জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি দৈবচয়নের ভিত্তিতে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে। এতে মোট ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের ক্ষেত্রে গুরুতর অনিয়মের তথ্য উঠে আসে।

সংসদে এদিন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়েও সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেওয়া হয়।

বনানী কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণে ফি ১ কোটি টাকা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছরের জন্য একটি কবর সংরক্ষণ করতে ফি নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা। ২৫ বছরের জন্য সংরক্ষণের ক্ষেত্রে দিতে হবে দেড় কোটি টাকা।

তবে কবরস্থানের দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে কবর দেওয়ার খরচ ৫০০ টাকা এবং এসব কবরের মেয়াদ দুই বছর।

মন্ত্রী বলেন, ধনী-গরিব নির্বিশেষে ঢাকার সব বাসিন্দার জন্য কবরের জায়গা নিশ্চিত করা এবং দীর্ঘ সময় ধরে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে।

১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত লঙ্ঘন, সরকারি নির্দেশনা অমান্য এবং ভুয়া লেটার অব ইনটেন্ট জমা দেওয়াসহ বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়।

১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া অফিসার এবং ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া ইভেন্টে তিনজন করে মোট ২৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হবে উপজেলা ক্রীড়া অফিসার। এসব নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

দেশে বেকার প্রায় ২৬ লাখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের সংখ্যা নির্ধারণে যুব উন্নয়ন অধিদপ্তর এখন পর্যন্ত কোনো জরিপ করেনি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।

প্রশ্নফাঁসের তদন্ত প্রতিবেদন গোয়েন্দা সংস্থার কাছে

সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি পরবর্তী তদন্তের জন্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে।

প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

/এমআর/