সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।

বৈঠকে কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নজরদারির জন্য ড্রোনের ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন।

কমিটির আরেক সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের বিস্তার রোধে সবার আগে সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় উদ্যোগের বিষয়।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও পাচারের রুটগুলো চিহ্নিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

মাদক চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো, যৌথ নজরদারি ও অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমআর/