‘হাতকড়া ছাড়া জিয়াউল’কে নিয়ে সংসদে ক্ষোভ; পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
‘হাতকড়া ছাড়া জিয়াউল’কে নিয়ে সংসদে ক্ষোভ; পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার সময় হাতকড়া না পরানোর ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কি জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারছে না?

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

সংসদে তাহসিনা রুশদীর বলেন, গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে জেরার জন্য আদালতে নেওয়ার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর পুলিশ সদস্যরা তার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রটোকল দলের মতো আচরণ করেছেন।

এ ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, একজন অপরাধী, যাঁর হাতকড়া পরার কথা, তিনি তা পরতে অস্বীকৃতি জানিয়েছেন। অথচ তাঁকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে।

আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করে তাহসিনা রুশদীর বলেন, তার মতো অনেক পরিবার এ ঘটনায় উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারছে না কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তারও নজরে এসেছে। আসামিকে কারাগার থেকে আদালতে আনা আইনমন্ত্রীর দায়িত্বের আওতায় পড়ে না। তবে বিষয়টি জানার পর জিয়াউল আহসানকে ফেরত নেওয়ার সময় একজন ‘নটোরিয়াস ক্রিমিনালকে’ যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ‘এর পর থেকে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় সরকার কোনো ফরমায়েশি রায় চায় না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ আন্তর্জাতিক মানদণ্ডে উপস্থাপনের চেষ্টা চলছে, যাতে পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে সেগুলো গ্রহণযোগ্য হয়।

আইনমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬-১৭ বছরে সংঘটিত গুম-খুন, গায়েবি মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণহানি ও অঙ্গহানির প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে।

সংসদকে তিনি জানান, আওয়ামী লীগ শাসনামলে এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে তদন্ত দল যাবে। এ কাজে সহযোগিতা করতে সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

/এমআর/