স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর সংসদে ক্ষোভ ঝাড়লেন এমপি নুসরাত, যে জবাব দিলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর সংসদে ক্ষোভ ঝাড়লেন এমপি নুসরাত, যে জবাব দিলেন মন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ নিয়ে মন্ত্রীর মন্তব্য করায় প্রশ্ন তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো সংসদ সদস্যের জীবন, সম্পদ ও সম্পত্তির ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সরকার এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুম তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরেন।

তিনি বলেন, বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় ছাত্রলীগের এক নেতা ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে ফেসবুকে হুমকিমূলক পোস্ট দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

নুসরাত জানান, তাদের বাড়িতে মোট ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও মারা গেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক তদন্তের বরাতে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে আপত্তি জানিয়ে নুসরাত বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ নিয়ে মন্তব্য করলে তা তদন্তকে প্রভাবিত করতে পারে। বাড়িটিকে পরিত্যক্ত বলা এবং সেখানে শুধু দুটি ছাগল ছিল বলে উল্লেখ করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের কোনো সদস্যের ওপর হামলা কিংবা তার জীবন, সম্পদ ও সম্পত্তির ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সরকার এ ধরনের বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং কঠোর ব্যবস্থা নেবে।

এ সময় নুসরাতের বক্তব্য থেকে তদন্ত প্রভাবিত হওয়ার অভিযোগের অংশটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বক্তব্যটি অসংসদীয় নয়। তাই তা বাদ দেওয়ার সুযোগ নেই।

এ সময় স্পিকার আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত প্রাথমিক তদন্তের ভিত্তিতে তার বক্তব্য দিয়েছেন। তবে তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।

স্পিকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাড়িটিকে পরিত্যক্ত এবং সেখানে শুধু দুটি ছাগল বসবাস করত বলে নিশ্চিত করেছেন, এমনটি বলা সঠিক হবে না।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে পুলিশ সুপারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার সার্বিক তদন্ত করতে বলেছেন।

স্পিকার বলেন, ‘তাই অনুগ্রহ করে অপেক্ষা করুন, তদন্তের ফলাফল দেখা যাক। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমরা আশা করি, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

উল্লেখ্য, বুধবার মধ্যরাতের পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এছাড়া আসবাবপত্র, কাপড়, জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে নষ্ট হয়।

/এফআর/