মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ সোমবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ সোমবার
সংসদ অধিবেশনে কথা বলছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করতে মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, চলতি নভেম্বর মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। তবে সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। নির্ধারিত ব্যয়ের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনের অন্য এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি বাংলাদেশ মিশনে তথ্য সংগ্রহ ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, বিদেশে কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা ও খরচের বিষয়েও সরকার খোঁজখবর নিয়েছে এবং তাঁদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিয়েছে।

সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/