অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম

সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন— এমন অভিযোগ সঠিক নয়। এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেওয়া উচিত।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম বলেন, আমরা তো সবাই কথা বলি। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। মাননীয় সদস্য তার বক্তব্যে বলেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা এটা করেছেন। এটা সঠিক তথ্য নয়। তথ্যটি একেবারেই অসত্য।

তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনও প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও দিতে পারেন। প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

চিফ হুইপ বলেন, সার একটি সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদের সবাই একমত হয়েছিলেন যে বিগত সরকারের সময়ে নিয়োগ দেওয়া ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনও ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।

/এসবি/