শিরোনাম

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে।

বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার-ভিডিপি 1

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সগৌরবে উদযাপিত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ। একটি সুশৃঙ্খলবাহিনীর জন্য অবশ্যই এটি একটি গৌরবজনক উপলক্ষ্য। এ শুভলগ্নে আমি এ বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য তৃণমূলের অকুতোভয় আনসার-ভিডিপি সদস্য-সদস্যা আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ৬৭০ জন শহীদ হওয়ার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, স্বাধীনতোত্তর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছিলো। দেশে এক অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।

তিনি বলেন, এই বাহিনীর ১৩ হাজারেরও বেশি হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছেন। একইসঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে একটি পুরুষ ও একজন নারী ভিডিপি প্লাটুন বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবিলা ও মাদকবিরোধী কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগে সম্পৃক্ত থেকে জনসচেতনতা বৃদ্ধি করছে। একইভাবে, নগর এলাকায় টিডিপি সদস্যরা শহরে নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখছেন। ফলে বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ নিয়েছে। স্পোর্টস কার্ড সুবিধার আওতায় এরইমধ্যে আনসার ও ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে দেশের ১০ ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তায় ৩৭৯ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

/এফসি/