শিরোনাম

আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সংসদ ভবন এলাকায় ব্যাপক জনসমাগম এবং ভিভিআইপি চলাচলকে বিবেচনায় রেখে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সম্ভাব্য যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

যান চলাচল সীমিত রাখা হবে যেসব এলাকায়

শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন নির্দিষ্ট পথগুলোতে যান চলাচল সীমিত রাখা হবে। খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে সাধারণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ডাইভারশন ও বিকল্প সড়ক

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছেন, যান চলাচল নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধা এড়াতে নিম্নোক্ত বিকল্প পথ ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

মিরপুর রোড থেকে ফার্মগেট (উত্তর দিক)

মিরপুর রোড হয়ে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট

ধানমন্ডি-২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ে যাবে।

আসাদগেট থেকে ফার্মগেট

আসাদগেট থেকে আসা যানবাহন বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডি

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুরবাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডি

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেজ সরানো হয়েছে। তাই মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হয়ে ধানমন্ডি-২৭-এর দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্দেশনা

শপথগ্রহণ চলাকালীন যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে চালকদের এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সব ধরনের যানবাহনের চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে এই ট্রাফিক নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

/জেএইচ/