শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর সুযোগ দেশের মানুষ দেবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর সুযোগ দেশের মানুষ দেবে না: আইনমন্ত্রী
জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সিটিজেন জার্নাল

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পাচ্ছে না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একইসঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের সামনে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

আসাদুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। একইভাবে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকারের বা নিজের বিরুদ্ধে গেলেও সমস্যা নেই।

তিনি বলেন, গত প্রায় ৯ মাসে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও এসব বিষয়ে কথা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।

মন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।

এসময় উপস্থিত ছিলেন– সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন,ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ।

/এফসি/