শিরোনাম

৬ নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক
৬ নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়াল সরকার

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজকে প্রতিবেদন দিতে পারছি না। তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন প্রতিবেদন দেওয়া হবে।

তিনি বলেন, জানা গেছে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এসি বন্ধ ছিল। এসময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করাতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

/এসবি/