শিরোনাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: ভিডিও থেকে নেওয়া।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল ১১ টা ১০ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় বেশ কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় নিহত হন জিয়াউর রহমান। তার মৃত্যুদিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

/এসবি/