আ.লীগ আমলে কোটায় প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের তালিকা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আ.লীগ আমলে কোটায় প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের তালিকা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পূর্বাচল নতুন শহর, ঝিলমিল আবাসিক ও উত্তরা আদর্শ শহর প্রকল্পসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কোটায় প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বরাবর পৃথক দুটি চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিঠিতে চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর আনসার উদ্দিন খান এবং উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ের করা মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য প্রয়োজন।

চিঠিতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ‘বিশেষ অবদানের’ স্বীকৃতিস্বরূপ যেসব ব্যক্তিদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্প, ঝিলমিল আবাসিক প্রকল্প ও উত্তরা আদর্শ শহর প্রকল্পসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তাদের পূর্ণাঙ্গ নামের তালিকা চাওয়া হয়েছে। নামের পাশাপাশি বরাদ্দ করা প্লটের বিস্তারিত বিবরণও চেয়েছে তদন্ত সংস্থা।

/জেএইচ/