শিরোনাম

বিদ্যুৎ বিভাগের প্রথমে হুমকি পরে প্রত্যাহার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিদ্যুৎ বিভাগের প্রথমে হুমকি পরে প্রত্যাহার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার যে হুমকি দেওয়া হয়েছিল, সেটি প্রত্যাহার করেছে বিদ্যুৎ বিভাগ।

আজ সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তাদের নজরে এসেছে। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল–সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর সুযোগ নেই বলে তারা মনে করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাতের নতুন বিজ্ঞপ্তিতে ওই বক্তব্য আর রাখা হয়নি। ফলে সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির আইনি ব্যবস্থার সতর্কবার্তাটি কার্যত প্রত্যাহার করা হয়েছে।

/এমআর/