শিরোনাম

২৪ ঘণ্টায় বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

সিটিজেন ডেস্ক
২৪ ঘণ্টায় বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
সীমান্তে পুশইন প্রচেষ্টা রুখে দিতে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় বিএসএফের অবৈধভাবে পুশইনের ১০টি অপচেষ্টা রুখে দিয়েছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এর পরপরই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ থেকে এসে যারা অবৈধভাবে বসবাস করছেন পশ্চিমবঙ্গে, তাদের আর থাকতে দেওয়া হবে না। একইসঙ্গে তাদের রাখার জন্য ‘হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র’ তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। এর পর থেকেই একাধিক কথিত বাংলাদেশি সীমান্তে ভিড় জমিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, ঝিনাইদহে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্ত এলাকায় ৪ থেকে ৫ জন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করলে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

অন্যদিকে মহেশপুরের সীমান্ত এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তিকে নিয়ে আসে। সীমান্ত গেট খুলে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি টহলদল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন। তাদের দৃঢ় অবস্থানের কারণে ওই ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি বাধা প্রদান করে। ফলে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এছাড়া জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কয়া ও বাসুদেবপুর সীমান্ত এলাকায় ১০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রচেষ্টায় সেটাও ব্যর্থ হয়।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্তে শতাধিক ব্যক্তিকে পুশইনে বিএসএফের অপচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ও স্থানীয়রা।

সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থি যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে। সীমান্তরক্ষী এই বাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

/জেএইচ/