শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপির ভোট না দেওয়ার কারণ কী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপির ভোট না দেওয়ার কারণ কী
election-president

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয়জন সদস্য ভোট প্রদান করেননি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া এমপিদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতে ইসলামীর একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন— বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা, জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং খেলাফত মজলিসের আবুল হাসান ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ভোট দিতে পারবেন না জানিয়ে আগেই জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিলেন। এ কারণে তিনি ভোটগ্রহণে উপস্থিত ছিলেন না।

তবে বাকি পাঁচ সংসদ সদস্য কেন ভোট দেননি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। সর্বশেষ এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় ৩৫ বছর আগে। ফলে একাধিক প্রার্থীর অংশগ্রহণে এবারের ভোট ঘিরে সংসদ ও রাজনৈতিক অঙ্গনে ছিল বাড়তি আগ্রহ।

/এবি/