শিরোনাম

চলতি বছর হচ্ছে না বিপিএল: তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চলতি বছর হচ্ছে না বিপিএল: তামিম ইকবাল
এ বছর বিপিএল হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরের লোকসানের বিষয়টি বিবেচনার মাধ্যমে তাড়াহুড়ো করে এবার টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বোর্ড।

সবকিছু নতুন করে গুছিয়ে আগামী বছর বিপিএল করার পরিকল্পনা করা হচ্ছে। বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’

গত দুই বছর বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বিসিবির। তামিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। তামিম বলেন, ‘আমাদের এটা করার শতভাগ ইচ্ছা আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেবো।’

এই বছর বিপিএল আয়োজনের জন্য চাইলে দ্রুত কয়েকটি দল দাঁড় করানো সম্ভব। তবে সেটি করতে চান না তামিম, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা।’

/টিই/