শিরোনাম

গণভোট গণনায় বিলম্ব যে কারণে

জ্যেষ্ঠ প্রতিবেদক
গণভোট গণনায় বিলম্ব যে কারণে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব আসনের চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনে (ইসি) এলেও দেরি হচ্ছে গণভোটে। এখনো অনেক আসনের গণভোটের ফলাফল রিটার্নিং কর্মকতারা (ডিসি) দেননি। অনেক ডিসি চূড়ান্ত ফলাফল ইসিতে সরবরাহ না করেই বাসায় গেছেন। এসব কারণেই মূলত গণভোটের ফলাফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণভোটের ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, অনেক আসন থেকে গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়নি। নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনার ডিসি (রিটার্নিং) সংসদ নির্বাচনের ফলাফলের চূড়ান্ত ফলাফলের তথ্য দিলেও গণভোটের তথ্য এখনো দেননি।

কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন থেকে পর্যায়ক্রমে খোঁজ নেওয়ার পর জানা গেছে, ডিসিরা বাসায় চলে গেছেন। তাদের অধীন কর্মকর্তাদের বলে গেছেন, শুক্রবার গণভোটের ফলাফল নির্বাচন কমিশনে পাঠাবেন। এ কারণে তাদের ফলাফল পাওয়ার ওপর গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা নির্ভর করছে।

এদিকে, চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ জয়ী হয়েছে।

বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২টি।

চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬টি।

রাঙ্গামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭টি।

খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।

/এফসি/