শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেশটি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি। তবে নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রথম শর্ত সম্পর্কে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান। এছাড়া জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার যেন নতুন করে শুরু করা হয়– সেই নিশ্চয়তা বাংলাদেশ সরকারকে দিতে হবে।

বিবিসির ওই প্রতিবেদন প্রকাশের পর দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল কোনো মন্তব্য করেননি।

শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা মনে করি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং এসে সাজা ভোগ করবেন। ভারত যদি সাড়া দেয়, তবে বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য তা সহজ হয়।

শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে শামা ওবায়েদ বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন যে জ্বালাও-পোড়াও করছে, সেটাও আওয়ামী লীগ করছে। এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তা-ই করছে। এই সন্ত্রাসী দল যখন আরেকটি দেশে বসে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, বাংলাদেশের সরকার হিসেবে আমাদের সেটা অ্যাড্রেস করার প্রয়োজন আছে।

বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের কনস্যুলার ডায়ালগ নিয়ে একটা ভুল তথ্য পত্রিকায় ছাপা হয়েছে। এটা সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। সুতরাং দুই দিক থেকে আমরা এবং তারা বলেছেন যে, কিছুদিন পরে হলে ভালো হয়।

/এফসি/