ভূমি অধিগ্রহণ হবে কাগজবিহীন ও দ্রুত: প্রতিমন্ত্রী মীর হেলাল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভূমি অধিগ্রহণ হবে কাগজবিহীন ও দ্রুত: প্রতিমন্ত্রী মীর হেলাল
কক্সবাজার ও সিলেটে ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল ব্যবস্থাপনা সিস্টেমের (এলএআরএমএস) পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং জমির মালিকদের ভোগান্তি কমাতে কক্সবাজার ও সিলেটে চালু হয়েছে ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল ব্যবস্থাপনা সিস্টেমের (এলএআরএমএস) পরীক্ষামূলক কার্যক্রম। নতুন এ ডিজিটাল ব্যবস্থার ফলে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া কাগজবিহীন, স্বচ্ছ ও দ্রুত হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময়ে অনলাইনে যুক্ত হয়ে সিলেটেও কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রচলিত পদ্ধতিতে এ কাজ করতে গিয়ে জমির মালিকদের নানা ভোগান্তি ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। এলএআরএমএস চালুর ফলে পুরো প্রক্রিয়া কাগজবিহীন, স্বচ্ছ ও দ্রুততর হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি সচিব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী বলেন, নতুন এ ব্যবস্থায় ভূমি অধিগ্রহণসংক্রান্ত সব তথ্য অনলাইনে সংরক্ষণ করা হবে। জমির মালিকেরা ঘরে বসেই অধিগ্রহণের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের হয়রানি ছাড়াই ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, কক্সবাজারে চলমান বড় উন্নয়ন প্রকল্পগুলোর ভূমি অধিগ্রহণ কার্যক্রমে নতুন এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমআর/