বিচারকদের জন্য ৯টি মাইক্রোবাস দিলো আইন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিচারকদের জন্য ৯টি মাইক্রোবাস দিলো আইন মন্ত্রণালয়
রংপুরের জেলা ও দায়রা জজের হাতে মাইক্রোবাসের চাবি তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধার্থে ৯টি মাইক্রোবাস বিতরণ করেছে আইন মন্ত্রণালয়। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী।

আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মাইক্রোবাসগুলো কেনা হয়েছে। নিবন্ধন ব্যয়সহ এগুলো কিনতে মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা খরচ হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯টি মাইক্রোবাসের মধ্যে ছয়টি দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। দুটি দেওয়া হয়েছে রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে। বাকি একটি দেওয়া হয়েছে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়বে। পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রাতিষ্ঠানিক সহায়তা আরও জোরদার হবে।

মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমআর/