শিরোনাম

সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গঠনের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গঠনের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল, মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমি’র আয়োজনে বর্ষা বরণ, গুণীজন সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক অগ্রগতি দিয়ে একটি দেশের প্রকৃত উন্নয়ন পরিমাপ করা সম্ভব নয়। মানুষের মননশীলতা, নীতি-নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধই টেকসই উন্নয়নের প্রকৃত মাপকাঠি।

তিনি বলেন, অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবা মানুষের জীবন সহজ করেছে। তবে প্রযুক্তির পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচার রোধে সাংস্কৃতিক কর্মীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহারের আহ্বান জানান ফকির মাহবুব আনাম।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, সংস্কৃতি তরুণদের আবেগের স্থিতিস্থাপকতা তৈরি করে, ধৈর্যশীল ও সৃজনশীল করে তোলে। তরুণ প্রজন্মকে শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বর্তমানের শক্তি হিসেবে বিবেচনা করতে হবে।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশ হবে বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত। এমন একটি বাংলাদেশ, যেখানে প্রযুক্তি ও সংস্কৃতি একসঙ্গে এগিয়ে যাবে, যুবসমাজ স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবে।’

সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা আমাদের কাজ করার সুযোগ দেন। আমরা কাজ করতে চাই। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।’ তরুণ উদ্ভাবকদের জন্য এবারের বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সবার জন্য নিরাপদ ও মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। মেয়েদের নিরাপত্তার কথা বলে তাদের ঘরে আবদ্ধ করে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন ও এম্পোরিয়াম প্রপার্টিজের চেয়ারম্যান মো. আরফাতুর রহমান আপেল বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাসিক আহমেদ।

আয়োজক সংগঠন লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমির সভাপতি সাহিদা আক্তার রেশমা এবং গ্ল্যামার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুল হকও বক্তব্য দেন।

অনুষ্ঠানে গ্ল্যামার মিডিয়ার সংগীতশিল্পীদের বিশেষ অবদানের জন্য পুরস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

/এমআর/