এমপির স্ত্রী-ভাগ্নী-ছেলেরাও সারের ডিলারশিপ পেয়েছে: সংসদে হাসনাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এমপির স্ত্রী-ভাগ্নী-ছেলেরাও সারের ডিলারশিপ পেয়েছে: সংসদে হাসনাত
সংসদ অধিবেশনে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সারাদেশে সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনপ্রীতি ও অর্থের বিনিময় সুপারিশসহ ‘নজিরবিহীন দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনেরা পর্যন্ত ডিলারশিপ পেয়েছেন। এমন পরিস্থিতিতে এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কিনা, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

বুধবার (১১ নভেম্বর) বিকালে সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগের মহোৎসব হয়েছে। যেখানে সংরক্ষিত আসনের এমপিরাও কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন। ১৫টা ইউনিয়নের হয়তো ৩০টায় এরকম হয়েছে। 

কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে তিনি বলেন, সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির মির্জা ফখরুল সাহেব, যিনি বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি, উনি এই ব্যবস্থাটাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু এই জিনিসটাই আজকে বিএনপি সরকার করেছে, যেটার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই। একটা অসাংবিধানিক কাজ।

তিনি আরও বলেন, মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই যে ডিলারশিপে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রী, সন্তান ও ভাগনেরা যে ডিলারশিপ পেয়েছে, এটা রিভিউ করা হবে কি না। আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিল, মন্ত্রণালয় থেকে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পায়, সেটা মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা কি সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার রিভিউ করা হবে কি না।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশে এই কালচার কবে- আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে নির্ধারিত নীতিমালা শতভাগ অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। পরে উপজেলা পর্যায়ের সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

জেলা পর্যায়ের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এ কমিটি উপজেলা থেকে পাঠানো প্রস্তাবগুলো পুনরায় যাচাই-বাছাই করে। পরে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দক্রমে তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, সার ডিলার নিয়োগের প্রস্তাব কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে আসেনি; বরং সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের সম্মতিতে স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে।

/এফআর/