শিরোনাম

অল্প সময়ে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা
অল্প সময়ে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম।

তিন-চার দিনের মধ্যে বিপুল সংখ্যক মানুষ ও কোরবানির পশু পরিবহন করায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম।

শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, মাত্র তিন-চার দিনের মধ্যে সড়কে আড়াই কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করতে হয়। আমাদের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তাই ঈদযাত্রা পুরোপুরি স্বস্তির ও নির্বিঘ্ন করা কঠিন দাঁড়ায়। তবে জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সবচেয়ে বেশি চাপ থাকে। এ কারণে এই সড়ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের মহাপরিকল্পনার আওতায় প্রায় ৪০০ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যা ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এছাড়া প্রায় ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেনে এবং প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

রবিউল আলম বলেন, দেশে প্রতি বছর গড়ে সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এর প্রধান কারণ চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন ও জনগণের অসচেতনতা। দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এতে ৮৬ জন নিহতের পরিবার ও ৩৩ জন আহতের পরিবার সহায়তা পেয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ সড়ক বিভাগ, রেলওয়ে, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসবি/