‘দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যাতে শহীদ হতে পারি’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যাতে শহীদ হতে পারি’
জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। ভিডিও বার্তায় তিনি জনগণ ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করার কথা বলেন এবং তার জন্য দোয়া করতে অনুরোধ জানান।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, ‘আসসালামুয়ালাইকুম, প্রিয় দেশবাসী। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। শুধু জানিয়ে গেলাম সবাইকে।’

তিনি আরও বলেন, ‘দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য যদি শহীদ হতে পারি, আল্লাহ যেন আমার সেই আহ্বান কবুল করেন।’

আখতারুজ্জামান বলেন, ‘জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব, আজীবন থাকব। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব। জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এ জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন।’

ভিডিওটি প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যে এতে ৬৮০টি লাইক ও ১০১টি মন্তব্য পড়ে। ভিডিওটি ১৬১ বার শেয়ার হয়। মন্তব্যে অনেকে আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানান।

এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার ১০ নম্বর সড়কের ৩৫ নম্বর বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

/এমআর/