তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে। আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে।

চিফ হুইপ বলেন, ‘কিশোররা অস্ত্র নিয়ে, চাপাতি নিয়ে ঘুরবে না। তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে। লেখাপড়া করবে, দক্ষ হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।’

তিনি বলেন, ‘এখন যারা সমাজে সন্ত্রাস ও মব করছে, বিগত শাসনামলেও তারাই এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের ছেঁকে বের করার চেষ্টা করছি। আমরা কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না। হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই।’

নূরুল ইসলাম মনি আরও বলেন, ‘আমাদের দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার করছে, তাদের লাগাম টেনে ধরা হবে।’

তিনি বলেন, মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করা হচ্ছে। সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মধ্য দিয়ে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর বার্তা দিয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। নিজেদের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়াড়িরা ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক পরিচয় বদলায়। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

তিনি বলেন, কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

/এমআর/