দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ
সেইন্ট খ্রিস্টিনা চার্চে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রাজধানীর আসাদগেট সংলগ্ন সেইন্ট খ্রিস্টিনা চার্চে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনে এখন থেকেই সরকারকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চার্চটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। আসাদগেট এলাকায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। চার্চে চুরির ঘটনাকে শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখলে হবে না; উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে এনসিপির এই মুখপাত্র বলেন, পূজা যেন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য এখন থেকেই সরকারকে প্রস্তুতি নিতে হবে। পূজামণ্ডপ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে, সে জন্য আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় এক সংসদ সদস্যের পদত্যাগের প্রসঙ্গেও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, শুধু দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়। ঘটনাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।

চার্চ পরিদর্শনের সময় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দীন সিফাত, নুসরাত তাবাসসুম, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা, ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক প্রীতম দাশসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমআর/