শিরোনাম

রাজধানীতে আইনজীবীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আইনজীবীকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

জানা গেছে, নিহত নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার চকজয়েনপুরে। বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।

নিহতের খালাতো ভাই মো. রাকিবুল ইসলাম শামীমের অভিযোগ, মব সৃষ্টি করে নাঈমকে মারধর করা হয়েছে। তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। তবে হামলাকারীদের পরিচয় তারা জানেন না।

নিহত আইনজীবী নাঈম কিবরিয়া (৩৫)। ছবি: সংগৃহীত
নিহত আইনজীবী নাঈম কিবরিয়া (৩৫)। ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, পাবনায় নাঈমের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহীরা তাকে টেনে-হিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বসুন্ধরা আই ব্লকের ১০ নম্বর রোডে ওয়ালটন বাড়ির সামনে ফেলে যায়। খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল এসে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের খালাতো ভাই শামীম জানান, নাঈম তার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বের হয়েছিলেন। বুধবার রাত ১০টার দিকে নাঈমের ফোনে কল আসে, কিন্তু তিনি কথা বলছিলেন না। শুধু হৈ-চৈ শোনা যাচ্ছিল। রাতে তার মুঠোফোনে কল দিলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ধরেন। নিরাপত্তাকর্মী বলেন, নাঈমকে মারধর করে ফেলে রাখা হয়েছে। এরপর তিনি (রফিকুল) ঘটনাস্থলে গিয়ে নাঈমকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান।

/জেএইচ/