জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন। তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে এসে পৌঁছান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

উপ প্রেস সচিব জানান, সম্মেলনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডারস সামিটে অংশ নেবেন। পরে তিনি ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও যোগ দেবেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।

উপ প্রেস সচিব জানান, সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমোনোভিচ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে।

রাতে বিশ্ব নেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

তিন দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান (কপ -৩১) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

/এফসি/