নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নাগরিক সেবা ও পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা বা ব্যাঘাত ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আগারগাঁওয়ের এলজিইডি ভবনে অবস্থিত কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।’

তিনি বলেন, ‘পৌরসভার মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মূলত জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এ তালিকায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।’

এ গুরুত্বপূর্ণ কর্মশালায় অনেক কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার মোটা অঙ্কের অর্থ ব্যয় করে এ কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত। দায়িত্বপ্রাপ্তদের এ ধরনের উদাসীনতা সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে।’ তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।

/এমএকে/