শিরোনাম

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন,ইদানিংকালে আমাদের তিনটা যুদ্ধ সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে। একটা হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আরেকটা আমরা বিগত সময়ে রাজনৈতিক যুদ্ধ মোকাবেলা করে এখানে এসেছি। সবচেয়ে কঠিন হলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা। সুতরাং এই যে যুদ্ধটা যে কত কঠিন, যারা নদীর পাড়ে থাকেন নদীর পাড়ে যারা বসবাস করেন, তারাই সবচেয়ে ভালো বুঝেন এবং উপলব্ধি করেন।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকল্পের ডিপিপি এরই মধ্যে প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সাল থেকে জুন ২০৩৩ পর্যন্ত।

তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ২০২৬ সালের জুন মাস পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন/পুনঃখনন করবে। দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২৬ সালের জুন মাস পর্যন্ত কাবিখা, কাবিটা, টিআরের মাধ্যমে ১৫০০ কিলোমিটার খাল পুনঃখনন/সংস্কার হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের নেওয়া খাল খনন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে জুন পর্যন্ত ৩৫৩ কিলোমিটার খাল পুনঃখননের সংস্থান রয়েছে। গত ৩১ মার্চ পর্যন্ত ১২৩ কিলোমিটার খাল পুনঃখনন শেষ হয়েছে। এ বিবেচনায় দৃশ্যমান অগ্রগতি শতকরা ৩৫ ভাগ।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে ২৯২ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৩১৬ কিলোমিটার নদ-নদীর ড্রেজিং ও ডুবোচর অপসারণ, ৮০০টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ এবং ২৫০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষার কাজ চলমান আছে।

/এসবি/