মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটমুক্ত করার দাবিতে বায়রার স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটমুক্ত করার দাবিতে বায়রার স্মারকলিপি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটমুক্ত ব্যবস্থা এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সরাসরি কর্মী প্রেরণের সুযোগ দেওয়াসহ ৭ দফা দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের কাছে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে এ স্মারকলিপি পেশ করেন তারা।

বায়রা স্মারকলিপিতে বলা হয়েছে, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিডসিএমএসে ২৫টি মূল এজেন্সির পাশাপাশি ৩১২টি সহযোগী এজেন্সির নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে যদি এসব এজেন্সি নিজস্ব ডিমান্ডের বিপরীতে সরাসরি কর্মী পাঠাতে না পারে, তাহলে বাজারের নিয়ন্ত্রণ ২৫টি এজেন্সির হাতেই থেকে যাবে।

এতে বলা হয়েছে, বায়রা সরকারের ৫ বছরে ১ কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সক্ষম ও সক্রিয় করার দাবি জানিয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, নেপালে সীমিতসংখ্যক এজেন্সির তালিকা প্রকাশের পর সরকার বিষয়টি নিয়ে আপত্তি ও তদন্তের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশেও জাতীয় স্বার্থ, কর্মীদের স্বার্থ ও ব্যবসায়িক সমঅধিকার রক্ষায় সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

স্মারকলিপিতে ৭টি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো— তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে নিজস্ব ডিমান্ডের ভিত্তিতে সরাসরি কর্মী প্রেরণের সুযোগ দেওয়া, প্রত্যেক যোগ্য এজেন্সিকে নিজস্ব এফডব্লিডসিএমএসের আইডি ও পাসওয়ার্ড প্রদান, মেডিকেল পরীক্ষায় একচেটিয়া ব্যবস্থা বন্ধ করা এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করে সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া।

/এসবি/