শিরোনাম

কোথায় কখন হবে ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক
কোথায় কখন হবে ঈদের জামাত
রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত। ছবি: সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আজ শুক্রবার (২০ মার্চ) দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২১ মার্চ) সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উৎযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামীকাল সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জামাতে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ঈদের নামাজের জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ মিলিয়ে প্রায় ৩৩০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ এবং ৮০ জন নারী ভিআইপি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে।

দেশের বিভিন্ন বিভাগীয় শহরে কেন্দ্রীয় ঈদগাহ ও প্রধান মসজিদগুলোকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কোথাও সকাল ৮টা, কোথাও সাড়ে ৮টা আবার কোথাও ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মতো এবারো ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

এ ছাড়া আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে জামাত হবে সকাল ৮টায়।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য ছাড়াও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়রা সেখানে ঈদের নামাজ পড়বেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হলে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে এ বছর ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে এসব জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার সেখানে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।

সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এ ময়দানে ঈদের জামাত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল আটটায়। দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে নয়টায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ হয়েছে। সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপন করতে, ঈদ জামাতের আশেপাশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থা পর্য়বেক্ষণ করছেন বলে ডিএমপি থেকে জানানো হয়েছে।

/টিই/