এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে শিক্ষামন্ত্রী লিখেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন।’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ফেসবুক পোষ্ট
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ফেসবুক পোষ্ট

তবে কবে থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে, নতুন বেতনকাঠামো অনুযায়ী রবিবার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। নতুন পে-স্কেল কার্যকর হলে ৩ মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা রয়েছে সরকারি কর্মচারীদের। তবে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে বর্ধিত বেতন ও বকেয়া পাচ্ছেন না অনেক কর্মকর্তা-কর্মচারী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো বেশ কিছু জটিলতা রয়ে গেছে। দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এখনো নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ে সবার বর্ধিত বেতন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, নতুন বেতন নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা নির্ধারণের ক্ষেত্রে একাধিক অসংগতি সামনে এসেছে। এসব সমস্যার কারণে নতুন বেতনকাঠামো অনুযায়ী কার কত বেতন নির্ধারিত হবে, তা চূড়ান্ত করার কাজে জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++ ব্যবস্থার বিভিন্ন জটিলতাও বেতন নির্ধারণ ও পরিশোধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

/এসবি/