শিরোনাম

‘ইয়াসিন বাহিনী র‍্যাবকে অতিক্রম করার মতো শক্তিশালী হয়নি’

নিজস্ব প্রতিবেদক
‘ইয়াসিন বাহিনী র‍্যাবকে অতিক্রম করার মতো শক্তিশালী হয়নি’
র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব।

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি যে র‍্যাবকে অতিক্রম করে যাবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব।

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, ঈদুল আজহা উপলক্ষে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট অনুভব করিনি। তবে থ্রেট না থাকলেও আমাদের নিজস্ব যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেটি জোরদার রয়েছে।

তিনি বলেন, ঈদের প্রধান প্রধান জামাতগুলোতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। দেশব্যাপী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্টের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আহসান হাবীব পলাশ বলেন,ঈদে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবিলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সবে মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি রোধে র‍্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধ ও শনাক্তকরণে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান আছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে নিয়ে যেতে বাধ্য করতে না পারে, সে বিষয়েও বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অসাবধানতার কারণে র‍্যাবের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

/এসবি/