শিরোনাম

বদলে যাচ্ছে কারা অধিদপ্তরের ১৩২ বছরের পুরোনো পদ

বদলে যাচ্ছে কারা অধিদপ্তরের ১৩২ বছরের পুরোনো পদ
কারা অধিদপ্তরের লোগো

কারা অধিদপ্তরের পোশাকধারী (ইউনিফর্ম) ও পোশাকবিহীন (নন–ইউনিফর্ম) বেশকিছু পদ পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে পোশাকধারী ১১টি পদ থাকলেও তা কমিয়ে ১০টি করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া পোশাকবিহীন ২৪টি পদ পরিবর্তন করে মাত্র ৯টি করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৩২ বছরের পুরোনো ডেপুটি জেলারের পদটিতেও আনা হচ্ছে পরিবর্তন।

চলতি মাসের শুরুতে কারা অধিদপ্তর থেকে এমন একটি প্রস্তাবসংবলিত ঠিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন, প্রশাসনিক গতি বাড়ানো, সুষ্ঠুভাবে কারা প্রশাসন পরিচালনা করা, জনবল নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, একই গ্রেডভুক্তসহ বিভিন্ন কারণে এসব পদের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেপুটি জেলারের পদটি ১৮৯৪ সালের ‘দ্য প্রিজনস অ্যাক্ট এবং অবিভক্ত বাংলার ‘বেঙ্গল জেল কোড’-এর মাধ্যমে কারাগারে জেলারকে সহায়তার জন্য প্রথম সৃষ্টি করা হয়। স্বাধীন বাংলাদেশে এটি নন-ক্যাডার কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদটি পরিবর্তন করে ডেপুটি জেলার (নারী ও পুরুষ) করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর আগের তৈরি মেট্রন ও চিফ মেট্রন পদের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। টেইলার ও টেইলার মাস্টারের পদটি ১০০–১৩০ বছরের আগের। এসব পদের নাম পরিবর্তন করে দর্জি করা হচ্ছে। কারা শিক্ষকের পদটি ৭০ বছরের পুরোনো। এই পদের নাম পরিবর্তন করে সহকারী শিক্ষক করার প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ৬ আগষ্ট সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে একটি সভা হয়েছে। তবে ওই সভায় প্রস্তাবটি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিশাখার অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব গোলাম মোহাম্মদ ভূঁইয়া সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, কারা বিধিতে কিছু পদ পরিবর্তনের একটি প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। ওই প্রস্তাব নিয়ে গত সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হলেও সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কাজ চলমান রয়েছে। এ নিয়ে আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে কারা অধিদপ্পোতরে পোশাকধারী ১১টি পদ রয়েছে। এসব পদ কমিয়ে ১০টি করনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ডেপুটি জেলার ও মহিলা ডেপুটি জেলারের পদ রয়েছে। এই দুটি পদকে ডেপুটি জেলার (নারী–পুরুষ) করার প্রস্তাব দেওয়া হয়েছে। সার্জেন্ট ইন্সট্রাক্টর (মহিলা) পরিবর্তে সার্জেন্ট ইন্সট্রাক্টর, সর্বপ্রধান কারারক্ষীর পরিবর্তে সর্বপ্রধান কারারক্ষী (পুরুষ), চিফ মেট্রনের পরিবর্তে সর্বপ্রধান কারারক্ষী (মহিলা), প্রধান কারারক্ষীর পরিবর্তে প্রধান কারারক্ষী (পুরুষ), মেট্রনের পরিবর্তে প্রধান কারারক্ষী (মহিলা), সহকারী প্রধান কারারক্ষীর পরিবর্তে সহকারী প্রধান কারারক্ষী (পুরুষ) এবং সহকারী মেট্রনের পরিবর্তে সহকারী প্রধান কারারক্ষী (মহিলা) করতে বলা হয়েছে। এছাড়া কারারক্ষীর পরিবর্তে কারারক্ষী (পুরুষ) ও মহিলা কারারক্ষীর বদলে কারারক্ষী (মহিলা) প্রস্তাব করা হয়েছে।

ওই চিঠি সূত্রে আরও জানা গেছে, কারা অধিদপ্তরে পোশাকবিহীন পদ ২৪টি। এসব পদের নাম পরিবর্তন করে মাত্র ৯টি পদ করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ নিরীক্ষক ও প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের পদটি একত্রে প্রধান সহকারী করার প্রস্তাব করা হয়েছে। উচ্চমান সহকারী কাম লাইব্রেরিয়ান এবং সহকারী ভ্রাম্যমাণ নিরীক্ষক পদ উচ্চমান সহকারী করা হচ্ছে। অফিস সহকারী, কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী কাম বিক্রেতা (শো–রুম), সহকারী হিসাবরক্ষক, অফিস সহকারী কাম বিক্রেতা (রেশনশপ), কম্পিউটার মুদ্রাক্ষরিক/ কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের (মহিলা) পরিবর্তে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হচ্ছে।

এছাড়াও শিক্ষক ও কারা শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক, ক্যাশিয়ারের পরিবর্তে স্টোর কিপার, মাস্টার দর্জি, টেইলার মাস্টার, টেইলার ও টেইলার (মহিলা) পদের পরিবর্তে দর্জি করা হচ্ছে। দপ্তরি (অফিস সহায়ক গ্রেড–১) এর পরিবর্তে দপ্তরি, অফিস সহায়ক (গ্রেড–২) এর পরিবর্তে অফিস সহায়ক এবং মহিলা ডিপ্লোমা নার্স এবং সিনিয়র স্টাফ নার্সের বদলে ডিপ্লোমা নার্স করা হচ্ছে।

পদের নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, কারা অধিদপ্তরের নিয়োগ বিধি পরিবর্তন করতে গিয়ে অনেক পুরোনো পদ বিলুপ্তের প্রয়োজন দেখা দিয়েছে। এই বিষয়টি মন্ত্রিপরিষদেও আলোচনা হয়েছে। বর্তমান কিছু পদের নাম পরিবর্তন সরকারের পক্ষ থেকেই এসেছে। এ কারণে কারা অধিদপ্তর মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।

/এসবি/