শিরোনাম

জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করছে একটি চক্র: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র সক্রিয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে।

তিনি বলেন, আমরা উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। বিগত সরকারগুলো জ্বালানি খাতে অপরিকল্পিতভাবে যে প্ল্যান-প্রোগ্রাম গ্রহণ করেছিল অথবা কোনো নির্দিষ্ট মহলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি গ্রহণ করেছিল, তার খেসারত দেশের মানুষ ও বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

এই সংকট থেকে উত্তোরণের জন্য সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে পরিকল্পনা আমাদের জ্বালানি খাতকে বিপদে ফেলে দিয়েছে, তা থেকে কীভাবে দেশবাসীকে বের করে নিয়ে আসতে পারি সে লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানীসহ প্রতিটি সেক্টরকে সয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরিই মধ্যে শুরু করেছে। বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে সরকার প্রথমবারের মতো বাজেট বরাদ্দ বাড়িয়েছে।

এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

/জেএইচ/