শিরোনাম

জুলাই যোদ্ধাদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
জুলাই যোদ্ধাদের উপহার দিলেন  প্রধানমন্ত্রী
মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজি অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজ-খবর নেন।

সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়।

এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।

কুষ্টিয়ার মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেছেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, ঢাকাতেই উপহার পাওয়া রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। আরেকটি রিকশা ভাড়া দেবেন।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছে প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে অনেক কষ্টে জীবনযাপন করছিলেন তিনি।

প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি তারা কীভাবে নিরাপদে এসব বাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

/এসবি/