শিরোনাম

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ জুলাই) বিকাল পৌনে ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা।

জানা গেছে, সমাপনীতে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে। বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন প্রধানমন্ত্রী। এতে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। পরে বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন তিনি।

পরবর্তীতে প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একই মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

শেষে গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব উপজেলা ও জেলার প্রায় এক লাখ সত্তর হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেন। এরপর জাতীয় পর্ব হয় রাজধানীর ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ এর বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার প্রমাণ রাখাদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাই করাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। মূলত কোমলমতি শিশুদের করে মাঠমুখী করাই সরকারের লক্ষ্য বলে জানা গেছে।

/এফআর/