দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
তিন দিনের তুরস্ক সফর শেষে দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী। ছবি: পিএমও

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাকে বিদায় জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়াও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফরে প্রধানমন্ত্রী ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে ভাষণ দেন এবং সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

/জেএইচ/