শিরোনাম

নজরুলের জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ সংবাদদাতা
নজরুলের জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন প্রধানমন্ত্রীর
জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিএমও

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ‘তবু আমারে দেব না ভুলিতে’ শীর্ষক নজরুল মঞ্চে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান প্রমুখ।

এর আগে, এদিন বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পথে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। দুপুর ২টা ২০মিনিটে ত্রিশাল উপজেলার কানহর এলাকায় পৌঁছান তিনি। সেখানে ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে শেষে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশালে এটি প্রথম সফর।

/এফআর/