বৃহস্পতিবার থেকে মিলবে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের টিকিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার থেকে মিলবে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের টিকিট
প্রতীকী ছবি

পাবনা-ঢাকা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিক্রি শুরু হবে। ১৯ নভেম্বর ট্রেন দুটি উদ্বোধন করা হবে।

বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে। এরপর থেকে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়মে যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি করা হবে। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। এই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।

এতে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ট্রেন দুটি। এ দিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে বেলা ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় যাত্রা করবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

/এসবি/