ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ
পিটিআই এর বিক্ষোভ। পুরোনো ছবি

সরকারের সঙ্গে সব ধরনের আলোচনা সুনির্দিষ্ট সমাধান ছাড়া ভেস্তে যাওয়ার পর এবার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রবিবার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার গান্দি চক থেকে এ বিশাল পদযাত্রা শুরু করেছে। পিটিআই নেতাদের মতে, আন্দোলনকারীদের প্রধান লক্ষ্যই হলো ইমরান খানের অবিলম্ব কারামুক্তি নিশ্চিত করা।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কর্মসূচির পরিকল্পনা প্রকাশ্যে আনেন। বর্তমানে এ প্রদেশে পিটিআই ক্ষমতায় থাকায় তাদের রাজনৈতিক শক্ত ঘাঁটিগুলো থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। টাঙ্ক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান, বান্নু এবং লাক্কি মারওয়াত জেলা থেকে বিপুল সংখ্যক সমর্থক এ পদযাত্রায় যুক্ত হচ্ছেন। পথিমধ্যে কয়েক স্থানে রাত্রিকালীন বিরতি নিয়ে এগোবে এ কর্মসূচি। ৪ অক্টোবর কারাকের কাছে, ৫ অক্টোবর কোহাটের কাছে, ৬ অক্টোবর মাতনির কাছে এবং ৭ অক্টোবর চারসাদ্দা ইন্টারচেঞ্জে অবস্থান করবেন অংশগ্রহণকারীরা।

৮ অক্টোবর চারসাদ্দা ইন্টারচেঞ্জ থেকে ফের যাত্রা শুরু করে পুরো জমায়েত খায়রাবাদে গিয়ে একত্রিত হবে। সেখান থেকেই দলের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা ও কর্মসূচি ঘোষণা করা হবে।

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। পিটিআইয়ের দাবি, এসব মামলা পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে উদ্ভূত পরিস্থিতিতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে কেন্দ্রীয় প্রশাসন। সরকার ও পিটিআইয়ের সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ায় ইসলামাবাদে প্রবেশের সংযোগ সড়কগুলো এবং শহরের ভেতরের বিভিন্ন পয়েন্টে বড় বড় শিপিং কন্টেইনার বসিয়ে কড়া ব্যারিকেড তৈরি করা হয়েছে।

সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে লং মার্চ স্থগিতের তাগিদ দিয়েছিল। উত্তর-পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গি হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে শরিফ প্রশাসন অভিযোগ করেছে, পিটিআই ও জঙ্গি গোষ্ঠীটির প্রতি নমনীয় ও সহানুভূতিশীল মনোভাব দেখাচ্ছে।

ইমরান খানকে শুধু মুক্তি নয়, তাকে অবিলম্বে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি করেছে পিটিআই। যদিও কর্তৃপক্ষের দাবি, ইমরান খান সুস্থ আছেন এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে নিয়মিত দেখা করছেন। সরকারের পরিষ্কার বক্তব্য, কারাবন্দি নেতার সঙ্গে সাক্ষাৎকে যেন কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয়। এছাড়া ইমরান খানের স্ত্রী বুশরা বিবির উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা, নিরপেক্ষ আইনি শুনানি এবং সম্প্রতি লাহোরে গ্রেফতার হওয়া দলের নেতাকর্মীসহ ইমরানের তিন বোনের অবিলম্বে মুক্তির দাবি জানানো হচ্ছে।

সূত্র: ওয়িওন

/এমএকে/